ঢাকায় ৫৫ মামলায় বিএনপির ৮৪৫ নেতা-কর্মীর সাজা








আগস্ট, অক্টোবর, নভেম্বর মাস এবং ডিসেম্বরের প্রথম সাত দিনে এসব মামলা ও কারাদণ্ডের তথ্য পাওয়া গেছে।
দেশে গত ২৮ অক্টোবর থেকে বিএনপির ৯ হাজার ৯৩৭ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রিজন ভ্যানে দলটির নেতা–কর্মীরা

ঢাকায় সাম্প্রতিক কালে অন্তত ৫৫টি মামলায় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৪৫ নেতা-কর্মীর কারাদণ্ড হয়েছে। এর মধ্যে শুধু গত নভেম্বরেই ৩৩টি মামলায় অন্তত ৬১৫ জনের সাজা হয়।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাগুলোয় সাজা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। এসব মামলার বেশির ভাগ ২০১৩ ও ২০১৮ সালে করা।

আদালত-সংশ্লিষ্ট সূত্র ও আইনজীবীদের তথ্য অনুযায়ী, ঢাকার আদালতে আগস্ট মাসে ৩টি, অক্টোবরে ৬টি, নভেম্বরে ৩৩টি এবং ডিসেম্বরের প্রথম ৭ দিনে ১৩টি মামলায় বিএনপির নেতা-কর্মীদের সাজার তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে কোনো মামলায় সাজার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এটা শুধু তথ্য পাওয়া মামলার হিসাব।

কোনো মামলায় বিএনপির নেতা-কর্মীদের কারাদণ্ড হয়েছে ছয় মাস করে। কোনো মামলায় হয়েছে সাত বছর পর্যন্ত। তবে বেশির ভাগ মামলায় কারাদণ্ড হয়েছে দুই থেকে তিন বছর করে।

সাজাপ্রাপ্ত ৮৪৫ সংখ্যাটি একক ব্যক্তি নয়। এক ব্যক্তির একাধিক মামলায় সাজার ঘটনাও রয়েছে। আইনজীবীরা বলছেন, বিএনপির ১০ জনের মতো নেতা-কর্মী একাধিক মামলায় সাজা পেয়েছেন। আবার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের রায়ে তিন শতাধিক আসামি খালাসও পেয়েছেন।

মামলার এজাহারসহ অন্যান্য নথিপত্র বলছে, নিষ্পত্তি হওয়া বেশির ভাগ মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা, যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।